Logo

সারাদেশ

ফেনীতে জনকল্যাণমূলক কাজে জামায়াতের ব্যয় ৪০ কোটি টাকা

Icon

এম. এমরান পাটোয়ারী, ফেনী

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২

ফেনীতে জনকল্যাণমূলক কাজে জামায়াতের ব্যয় ৪০ কোটি টাকা

ফেনী জেলা জামায়াত রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি জনকল্যাণমূলক কাজে বেশি সময় ও অর্থ ব্যয় করছে। স্থানীয় মানুষের পাশে থাকতে ও তাদের আস্থা অর্জন করতে সামাজিক বিভিন্ন কার্যক্রমে দলটি গুরুত্ব দিচ্ছে। জামায়াতের সঙ্গে তাদের অঙ্গসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্রী সংস্থাও সমান তালে কাজ করছে।

জামায়াতের স্থানীয় নেতারা জানান, তারা ভোর থেকে গভীর রাত পর্যন্ত সাধারণ মানুষের দ্বারে দ্বারে ছুটছেন। চলতি বর্ষা মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় নিজ অর্থায়নে সড়ক সংস্কার, ১৭টি বাঁশ ও কাঠের সাঁকো নির্মাণ, রোগীদের চিকিৎসা, অসহায়দের আর্থিক সহায়তা, রমজানে ইফতার সামগ্রী বিতরণ এবং ঈদে উপহার সামগ্রী বিতরণ করেছে দলটি। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা, ঘর নির্মাণ, ফ্রি সুপেয় পানির টিউবওয়েল স্থাপন ও ঘরের নির্মাণ সামগ্রী বিতরণেও তারা যুক্ত রয়েছে।

জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ.ন.ম আবদুর রহীম বলেন, ফেনী জেলা জামায়াত ২০২৪-২৫ অর্থ বছরে প্রায় ৩৯ কোটি ৬৩ লাখ টাকার বিভিন্ন সামাজিক কার্যক্রম সম্পন্ন করেছে। এর মধ্যে রয়েছে বন্যায় ত্রাণ, পুনর্বাসন, অসহায় ও শহীদ পরিবারের সহায়তা, কন্যা দায়গ্রন্থ পিতাকে বিয়ে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ইত্যাদি।

জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ও ইসলামী ছাত্রী সংস্থা শিক্ষার্থী ও ছাত্রীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে। এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান, পরীক্ষা সামগ্রী বিতরণ, ক্যারিয়ার গাইডলাইন, বৃক্ষরোপণ, বন্যা উদ্ধার ও খাদ্য বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন এসব কার্যক্রমের অংশ।

ছাত্রশিবিরের ফেনী জেলা সভাপতি আবু হানিফ হেলাল বলেন, ‘ছাত্রশিবির রাজনৈতিক দল নয়। ছাত্রদের ক্যারিয়ার ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে।’

ইসলামী ছাত্রী সংস্থার ফেনী শহর শাখার সভানেত্রী তাযকিরাতুল জান্নাত রিফাত জানান, জেলার ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষামূলক, স্বাস্থ্য ও নৈতিকতার ওপর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান বলেন, ‘সমাজকল্যাণ ফান্ডের মাধ্যমে সকল ধরণের সমাজ উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। খুব স্বল্প সময়ে ফেনীতে একটি প্রশিক্ষণ ইনস্টিটিউটও প্রতিষ্ঠা করা হবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন