ঐতিহ্য ধরে রাখতে আলফাডাঙ্গায় ‘নৌকা বাইচ’
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:০০
নদীমাতৃক বাংলায় সময়ের বিবর্তনে আর কালের পথ পরিক্রমায় নৌকা বাইচের সংস্কৃতি হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তাই হাজার বছরের গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ফরিদপুরের আলফাডাঙ্গায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল থেকে পৌর এলাকার হিদাডাঙ্গা সুইচগেট সংলগ্ন খালে শুরু হয়ে প্রতিযোগিতা চলে সন্ধ্যা পর্যন্ত। স্থানীয় যুবসমাজের আয়োজনে প্রতিযোগিতায় ছোট-বড় পাঁচটি নৌকা অংশ নেয়।
বাংলা ও বাঙালির চিরায়ত সংস্কৃতির প্রাচীনতম এ উৎসব উপভোগ করতে শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে সবাই মেতে ওঠে আনন্দ-উল্লাসে। দুপুর থেকেই গোটা এলাকা জুড়ে হাজারো মানুষের ঢল নামে। বাইচ দেখতে উৎসুক মানুষের সমাগমে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। এ নৌকা বাইচকে ঘিরে বসে গ্রাম্য মেলাও।
বাইচ শেষে এক অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের সভাপতি সোহেল শরীফ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কদর, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ ইমরান আলী, সৈয়দ হুমায়ুন আলী, সৈয়দ তরিকুল আলী ও আব্দুর রহিম প্রমুখ।
আয়োজক কমিটির সদস্যরা জানান, নদীমাতৃক বাংলার সময়ের বিবর্তনে নৌকা বাইচের সংস্কৃতি হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তাই গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এমএইচএস

