Logo

সারাদেশ

মারমা কিশোরী ধর্ষণ ইস্যুতে সহিংসতায় খাগড়াছড়িতে নিহত ৩

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৯

মারমা কিশোরী ধর্ষণ ইস্যুতে সহিংসতায় খাগড়াছড়িতে নিহত ৩

ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির গুইমারায় এক মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনায় সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য জারির করা ১৪৪ ধারার মধ্যেই সহিংসতার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ৩ জন। নিহতরা সবাই ‘পাহাড়ি’ বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগির তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণপূর্বক শান্ত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।’ 

এদিকে রোববার দুপুরে সংর্ঘষের এক পর্যায়ে গুইমারায় রামসু একটি বাজারে আগুন দেওয়া হয়। আগুনে বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। এসময় বাজারের পাশে থাকা বসতঘরও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে এক মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকেই বিক্ষোভ ও উত্তেজনা চলছে পার্বত্য এই জেলায়।

পরে বুধবার (২৪ সেপ্টেম্বর) মামলা হলে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ শয়ন শীল (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর জেলায় আধাবেলা সড়ক অবরোধ পালন করেছে ‘জুম্ম ছাত্র-জনতা’।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ছিল জেলাজুড়ে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ। এর ফলে গোটা জেলা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু দুপুরের পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপুর দেড়টার দিকে হঠাৎ করেই উপজেলা কমপ্লেক্সের সামনের রাস্তায় নারানখিলায় আন্দোলনকারী পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তখন উভয়পক্ষের মধ্যে কিছুটা সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

পরে শনিবার দুপুর ২টা থেকে পাহাড়ি-বাঙালি উভয় পক্ষের লোকজন সেখানে মুখোমুখি অবস্থান নেন। প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে বেশ কিছু মানুষ আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ২৩ জনের মতো আহত হয় বলে জেলা সিভিল সার্জন জানান।

ওই অবস্থার মধ্যেই এক বার্তায় জানানো হয়, ‘খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি ও ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।’ 

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন