মিথ্যা অপবাদের প্রতিবাদ করায় মারধর, থানায় অভিযোগ
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৫
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা বাজারের পাশে এ ঘটনা ঘটে। আহত শফিকুল ইসলাম শিকিপাড়া গ্রামের মিটু মোল্যার ছেলে।
এ ঘটনায় ওইদিন দুপুরে ভুক্তভোগী শফিকুল ইসলামের স্ত্রী একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায়, শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিকিপাড়া গ্রামের শফিকুল ইসলামের শিশুকন্যা সুমাইয়াকে এক প্রতিবেশীর ক্ষেত থেকে শসা চুরির অপবাদ দেয় পাশের চরডাঙ্গা গ্রামের তারেক হোসেনের মেয়ে লামিয়া। এরপর বিষয়টি নিয়ে ওইদিন শফিকুলের স্ত্রীর সঙ্গে তারেকের স্ত্রীর কথা-কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে পরেরদিন রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে তারেক হোসেন চরডাঙ্গা বাজারে শফিকুলকে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় প্রতিবাদ করলে তারেক হোসেনসহ আরও কয়েকজন শফিকুলের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে শফিকুল ইসলাম সেখানে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে অভিযুক্ত তারেক হোসেনের সঙ্গে একাধিকবার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
- মিয়া রাকিবুল/এমআই

