ছবি : বাংলাদেশের খবর
সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় ১০ জন নিহত হয়েছে। এরমধ্যে বগুড়া, পাবনা, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, নাটোর ও চট্টগ্রামে রেল ক্রসিংয়ে ট্রেন ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা–মেয়েসহ মোট ১০জন প্রাণ হারিয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাত থেকে আজ সারাদিনে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-
বগুড়া : আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম রেলগেটে গভীর রাতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টা দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ছাতিয়ানগ্রাম বাজার থেকে আদমদীঘি অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে রেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ ট্রেনের ধাক্কায় তারা মোটরসাইকেলসহ ছিটকে পড়েন। ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং অপরজন গুরুতর আহত হন।
সান্তাহার রেলওয়ে জিআরপি থানার এসআই মাহফুজুর রহমান জানান, খবর পেয়েই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে পরিবারের অনুরোধক্রমে মরদেহ দুটি তাদের নিকট হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
পাবনা : ঈশ্বরদী উপজেলার অরণখোলা বটতলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন- পাবনা সদর উপজেলার টেবুনিয়া বড়মাটিয়া এলাকার খোকন প্রামাণিকের ছেলে সবুজ মিয়া (৩৫)।
আহতরা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃষ্টপুর গ্রামের বাবু মিয়া (৩০), একই উপজেলার চুকাই গ্রামের মো. শিমুলের ছেলে মো. নাজমুল হক (৩০) ও মুন্সিগঞ্জের গজারিয়া গ্রামের মো. ওহেদ মিয়ার ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৫)।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাবনা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ : সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর ওপর অজ্ঞাত গাড়ির চাপায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের নাম রাকিব। তার বাড়ি রংপুর জেলায়। বয়স আনুমানিক ৩৫ বছর। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর ছয়টার দিকে কাঁচপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস উদ্দিন।
তিনি জানান, ভোরে কাঁচপুর ব্রিজের ওপর একটি ট্রাক বিকল হয়ে পড়ে। ট্রাকটি সরানোর জন্য অন্য একটি ট্রাকের সাহায্যে ঢাকামুখী লেনে সরানোর সময় সড়ক বিভাজনের সঙ্গে আটকে যায়।
ঝিনাইদহ : ঝিনাইদহের সদরে বাস চাকায় পিষ্ট হয়ে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার নগর বাথান এলাকার আঠারো মাইল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- নগর বাথান গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৬৫) ও জীবননগর উপজেলার বাসিন্দা সিফাত (৮)।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
নাটোর : নাটোর সদর উপজেলার দিয়ারভিটা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি- সুজন কুমার (৩৩)। তিনি লালপুর উপজেলার ওয়ালিয়া ফুলবাড়ি গ্রামের মৃত সুনিল কুমারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সুজন মোটরসাইকেল নিয়ে নওগাঁ জেলার আত্রাই উপজেলার আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে দিয়ারভিটা এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লাগে। এতে তিনি পুকুরে পড়ে যান এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, ‘ঘটনাটি প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনাই মনে হচ্ছে। তবে তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রাম : সীতাকুণ্ড উপজেলার মৌলভীপাড়া এলাকায় রেল ক্রসিংয়ে ট্রেন ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা–মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেল ক্রসিং পার হওয়ার সময় হঠাৎ সিএনজি আটকে যায়। এ সময় চালকসহ যাত্রীরা দ্রুত নেমে যান। পরে অটোরিকশাটিকে রেললাইন থেকে সরানোর চেষ্টা করলে দ্রুতগামী ট্রেন এসে ধাক্কা দেয়।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই আশরাফ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
- এমআই

