কক্সবাজারে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৩২
কক্সবাজারের পেকুয়ায় ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সোয়া সাতটার দিকে উপজেলার হাজীবাজার এলাকায় এবিসি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা এলাকার ফিরোজ আহমদ (৪৯), তার স্ত্রী শাহিন আকতার (২৯) ও তাদের ৬ মাস বয়সী সন্তান জাহেদুল ইসলাম। এছাড়া ধনিয়াকাটা এলাকার অটোচালক মনিরুল মান্নান (২২) ও উজানটিয়া ইউনিয়নের সোনালি বাজার এলাকার আবদুর রহমান (৩২)।
এ ঘটনায় নিহত ফিরোজ-শাহিন দম্পতির আরও দুই সন্তান শাহেদ (৭) ও জান্নাত (৪) আহত হয়েছে। তারা চকরিয়া উপজেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আজ সকাল সোয়া সাতটার দিকে ঘটনাস্থলে যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ফিরোজকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য তার তিন সন্তানকে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে ৬ মাস বয়সী জাহেদুলের মৃত্যু হয়।
বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন, হাজির বাজার এলাকায় ডাম্পট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে থেকে ডাম্পট্রাকটি জব্দ করা হয় বলেও জানান এই কর্মকর্তা।
ডিআর/এটিআর

