হাসপাতালের ভেতরে রোগী সেজে চোরচক্র, হাতিয়ে নিচ্ছে মোবাইল-টাকা
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৯:৩৯
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে মোবাইলফোন ও নগদ টাকা চুরির ঘটনা বাড়ছে। বিশেষ করে ভিড়ের মধ্যে লিফটে চলাচলের সময় চুরি করা হচ্ছে। হাসপাতালের ভেতরে চোরচক্র নানা কৌশল ব্যবহার করে প্রবেশ করছে এবং রোগী বা স্বজনের ব্যক্তিগত জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, প্রতিদিনই হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা এই চুরির শিকার হচ্ছেন। চোররা হাতে ফাইল নিয়ে রোগী সেজে অনায়াসে ওয়ার্ডে ঢুকে পড়ে। এরপর সুযোগ বুঝে ব্যাগ, মানিব্যাগ বা মোবাইল হাতিয়ে নেয়।
শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে এক রোগীর ব্যাগ থেকে নগদ টাকা নেওয়া হয়। পরে অসহায় রোগী কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আমার আর এক টাকাও নাই, সব নিয়ে গেছে।’
ভুক্তভোগীরা বলছেন, হাসপাতালের চিকিৎসার পাশাপাশি নিরাপত্তাহীনতার কারণে ভয়ও নিয়ে থাকতে হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে মূল্যবান জিনিসপত্র বাইরে রেখে আসছেন।
রোগী ও স্বজনরা অভিযোগ করছেন, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে এ ধরনের ঘটনা ঘটছে। সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও চোরচক্র শনাক্ত করা যাচ্ছে না। তারা হাসপাতাল প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজ জানান, ‘এ ধরনের ঘটনা ঘটছে। আমাদের আনসার বাহিনী চোরদের ধরে পুলিশে দিচ্ছে। অভিযোগ পেলে সিসি ক্যামেরা দেখে সনাক্ত করে আইনের হাতে তুলে দেওয়া হবে।’
এআরএস

