প্রভাবশালীদের বাধায় থমকে গেছে ফেনী পৌরসভার ড্রেনেজ নির্মাণকাজ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৩:৪৮
ছবি : বাংলাদেশের খবর
ফেনী পৌর শহরের জমজম টাওয়ার থেকে ডাক্তারপাড়া মোড় পর্যন্ত প্রধান সড়কের পশ্চিম পাশে বহুল আলোচিত, সমালোচিত ড্রেনেজ নির্মাণকাজ আবারও থমকে গেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই ড্রেন নির্মাণে প্রভাবশালী ও সরকারি খাস ভূমি দখলদারদের বাঁধা সত্ত্বেও কাজ এগিয়ে যাচ্ছিল। কিন্তু গত এক সপ্তাহ ধরে ড্রেন নির্মাণে কোনো অগ্রগতি নেই। এলাকার জনগণ এবং ব্যবসায়ীরা পৌর কতৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।
এলাকাবাসীর অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠান প্রভাবশালীদের বাধার কারণে দ্রুত কাজ শেষ করতে পারছে না। এর ফলে স্থানীয় জনজীবন বিপর্যস্ত হচ্ছে। স্কুল-কলেজের শিশুদের যাতায়াত সমস্যায় পড়ছে, দোকানদারদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ‘ড্রেন নির্মাণ কাজ দ্রুত শেষ করা দরকার। নামমাত্র ধীরগতিতে কাজ হওয়ায় প্রতিদিন আমাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। পৌর কতৃপক্ষের যথাযথ তদারকি থাকা প্রয়োজন। এটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন হাজার হাজার মানুষ ফুটপাত দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা ঝুঁকি নিয়ে হেঁটে যাচ্ছে।’
পৌর প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ‘সকল বাধা উপেক্ষা করে আমরা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দ্রুত ড্রেন নির্মাণ কাজ শেষ করবো।’
এম. এমরান পাটোয়ারী/এআরএস

