Logo

সারাদেশ

চট্টগ্রাম-রামগড় সীমান্তে বিজিবির ‘ছোট ফরিংগা বিওপি’ উদ্বোধন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৮:৩২

চট্টগ্রাম-রামগড় সীমান্তে বিজিবির ‘ছোট ফরিংগা বিওপি’ উদ্বোধন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, সীমান্তের নিখুঁত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনের লক্ষ্যে চট্টগ্রাম-রামগড় সীমান্তে নতুন একটি ‘ছোট ফরিংগা বর্ডার আউটপোস্ট (বিওপি)’ উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন ও নামফলক উন্মোচনের মাধ্যমে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর নবনির্মিত ও ১২তম বিওপি উদ্বোধন করেন।

নতুন বিওপিটি স্থাপিত হয়েছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন ও ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের মধ্যবর্তী সীমান্ত এলাকায়। স্থানটি দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী বিওপিগুলোর কার্যক্রম থেকে দূরে থাকায় অপারেশনাল তৎপরতা পরিচালনা ছিল কষ্টসাধ্য।

বিওপি উদ্বোধনের পর রিজিয়ন কমান্ডার বৃক্ষরোপণ, সৈনিকদের সঙ্গে মতবিনিময় ও স্থাপনাসমূহ পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার, রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম, বিজিবির কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বলেন, “সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি ২৪ ঘণ্টা নিরলসভাবে দেশের সার্বভৌমত্ব ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা রক্ষায় কাজ করছে। ছোট ফরিংগা বিওপি স্থাপনের ফলে রামগড় ব্যাটালিয়নের অপারেশনাল সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।”

তিনি আরও জানান, নতুন এই বিওপি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধ, চোরাচালান দমন এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনএমএম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন