শান্তিগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে আহত ৫, শিশুর হাত দ্বিখণ্ডিত
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:১৬
ছবি : বাংলাদেশের খবর
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এক যাত্রীর হাত দ্বিখণ্ডিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সিলেটের শেখঘাট কলাপাড়া এলাকার একটি পরিবার বিশ্বম্ভরপুর উপজেলার আত্মীয়ের বাড়ি থেকে বিয়ের দাওয়াত খেয়ে সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১২-১১৫০) যোগে ফিরছিল। পথে সুনামগঞ্জগামী ফিড বোঝাই একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৬-৬১১২) ওভারটেক করতে গিয়ে সিলেটগামী ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়।
দুর্ঘটনায় আহতরা হলেন— চালক বিদ্যা মিয়া (৩০), যাত্রী হোসাইন আহমদ তানভীর (১২), বিল্লাল হোসেন (৩৯) ও মুন্নি বেগম (২৮)। এর মধ্যে তানভীরের বাম হাত দ্বিখণ্ডিত হয়েছে। আহত আরও দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সৈকত দাশ বলেন, ‘দুর্ঘটনায় আহতদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। যার হাত দ্বিখণ্ডিত হয়েছে, তাকে সঠিকভাবে ব্যান্ডেজ করা হয়েছে। দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হলে হাত জোড়া লাগানোর সম্ভাবনা রয়েছে।’
দুর্ঘটনার পর পিকআপ ভ্যান চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।
শান্তিগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ বলেন, ‘দুর্ঘটনার পর পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসার পর সিলেটে রেফার করা হয়েছে।’
মো. আব্দুল হালিম/এআরএস

