চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গুলিবিদ্ধ ২
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৮:১৭
চট্টগ্রামের কনসার্ট চলাকালে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।
চট্টগ্রামের কনসার্ট চলাকালে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে খুলশি এলাকার জিইসি মোড়ের সিইসি কনভেনশন হলে এ ঘটনা ঘটে।
এতে মো. নাজিম ও মো. শরীফ নামে দুই যুবক গুলিবিদ্ধ হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
তবে অপর এক পক্ষের দাবি, গোলাগুলির ঘটনাটি ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে নয়, বরং কনসার্টে প্রবেশ নিয়ে দ্বন্দ্বের জেরে ঘটে। গোলাগুলির পর কনভেনশন সেন্টারটির ভেতর ও বাইরে ভাঙচুরের ঘটনাও ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনের অনুমতি নিয়ে একটি মোটরসাইকেল কোম্পানি ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল। শনিবার সকাল ১১টা থেকে অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা থেকে আসা ব্যান্ড দল মঞ্চে গান পরিবেশন শুরু করে। রাত সাড়ে ৯টার দিকে অনুষ্ঠান শেষ করতে চাইলে কিছু তরুণ আপত্তি জানায়। তারা রাতভর গান শোনার দাবি তোলে। ব্যান্ড দল জিনিসপত্র গুছাতে শুরু করলে তরুণদের একটি অংশ ক্ষুব্ধ হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে এবং আয়োজকদের ওপর চড়াও হয়।
অনুষ্ঠানে উপস্থিত রনি নামের একযুবক গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে আসা ব্যান্ড দল আর্টসেল গান পরিবেশন করছিল। এ সময় একদল তরুণ ‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাত্রদলের নেতাকর্মীরা এর প্রতিবাদ করেন। পরে দুই পক্ষের মধ্যে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশ এলোপাতাড়ি গুলি চালায়। এতে ছাত্রদলের দুইজন গুলিবিদ্ধ হন।
খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, জিইসি কনভেনশন হলে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আহত কয়েকজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) শ্রীমা চাকমা খুলশি থানার ওসির বরাতে বলেন, হোন্ডা আয়োজিত একটি অনুষ্ঠান ছিল জিইসি কনভেনশন হলে। ওই অনুষ্ঠানের একটি অংশ ছিল কনসার্ট। আয়োজকেরা কনসার্টের অনুমতি নেননি। একপর্যায়ে সেখানে উচ্ছৃঙ্খল কিছু যুবক ও তরুণ ভাঙচুর চালায়। পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে লাঠিচার্জ করে এবং আট রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে।
তিনি আরও বলেন, পুলিশের গুলিতে কেউ আহত হয়েছেন কি না, সেটি আমার জানা নেই। ওসি আমাকে সেটি জানায়নি। শর্টগানের দুটি ধরনের গুলি রয়েছে। একটিতে আঘাতের পরিমাণ বেশি হয় এবং অপরটিতে কম। পুলিশ এখন বেশি বিপজ্জনক গুলিটি ব্যবহার করে না। এখানে যে গুলি ছোড়া হয়েছে, সেগুলো কম বিপজ্জনক। আর ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।
এমবি

