Logo

সারাদেশ

ইলিশ কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৬:২১

ইলিশ কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফলে নৌ-পুলিশের ধাওয়ায় তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দেওয়া রাসেল খান (৩৫) নামের এক যুবকের লাশ নিখোঁজের তিন দিন পর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকার তেঁতুলিয়া নদীর বাতিঘর পয়েন্ট থেকে তার স্বজনরা লাশ উদ্ধার করেন।

নিহত রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড় ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি পেশায় দর্জি ছিলেন এবং স্থানীয় বড় ডালিমা ব্রিজ এলাকায় তার একটি দর্জির দোকান ছিল। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন।

জানা যায়, গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ইলিশ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা চলাকালে রাসেল খান তিন বন্ধুকে নিয়ে ট্রলারযোগে তেঁতুলিয়া নদীতে ইলিশ কিনতে যান। এ সময় মা ইলিশ রক্ষায় নৌ-পুলিশের একটি স্পিডবোট অভিযান চালালে তারা ধাওয়ায় পড়েন। ধাওয়া থেকে বাঁচতে গিয়ে রাসেল খান নদীতে ঝাঁপ দিলে নিখোঁজ হন। খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও তাকে জীবিত অবস্থায় পাওয়া যায়নি।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নৌফাঁড়ির পুলিশ অবস্থান করছে। স্বজনদের সঙ্গে কথা বলে মরদেহের ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে।’

  • আরিফুল ইসলাম সাগর/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন