Logo

সারাদেশ

আশুলিয়ায় ৩ মাসে মাদকের ৮৮ মামলা, গ্রেপ্তার ১১৮ জন

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১১:৫১

আশুলিয়ায় ৩ মাসে মাদকের ৮৮ মামলা, গ্রেপ্তার ১১৮ জন

সারাদেশের ন্যায় শিল্পাঞ্চল আশুলিয়াতেও বিপদজনক হারে বেড়েছে মাদকের আগ্রাসন। আশুলিয়ার প্রায় প্রতিটি অলিগলিতে হাত বাড়ালেই মাদকদ্রব্য মিলছে। যদিও প্রতিদিনই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং গ্রেপ্তার করা হচ্ছে মাদক কারবারিদের।

ঢাকার উপকণ্ঠ শিল্পাঞ্চল আশুলিয়াতে অভিযান চালিয়ে গত তিন মাসে অন্তত ১১৮ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তাদের নিকট থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

আশুলিয়া থানায় সূত্রে জানা যায়, চলতি বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে আশুলিয়া থানায় অন্তত ৮৮টি মাদক মামলা দায়ের করা হয়েছে। যার আসামির সংখ্যা ১১৮ জন। গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকের নামে একাধিক মাদক মামলা রয়েছে।

এই ৮৮টি মাদক মামলার তথ্য যাচাই করে দেখা যায়, বিভিন্ন বাহিনীর অভিযানে গত তিন মাসে গ্রেপ্তার ১১৮ জন মাদক কারবারির হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার ১৬৬ লিটার ৫০০ মিলি দেশীয় চোলাই মদ, ৭ হাজার ৮০০ লিটার জোয়া, ৬ বোতল বিদেশি মদ, ৭ বোতল ফেনসিডিল, ৩৮২ গ্রাম হেরোইন, ৪ হাজার ২২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪৮ কেজি ৫৭০ গ্রাম গাঁজা।

বিভিন্ন বাহিনীর এসব অভিযানের পরেও ঠেকানো যাচ্ছে না মাদকের বিস্তার। তাই মাদকের এই রমরমা কারবার দেখে তরুণ সমাজকে কেন্দ্র করে সচেতন মহল উদ্বিগ্ন।

সমাজে মাদকের এই ভয়াল থাবার বিষয়ে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মুহাম্মদ ইসলাম উদ্দিন বলেন, ‘মাদক সামাজিক একটি ব্যাধিতে রূপ নিয়েছে। এর ভয়াবহতা চরম আকার ধারণ করেছে। মাদক থেকে সমাজকে রক্ষা করতে হলে পরিবার, স্কুল, মসজিদ ও সামাজিক পর্যায়ে মাদকের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে যুবসমাজকে যুক্ত করা এবং ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা জরুরি। সেই সাথে সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে— এসব খেয়াল রাখা এবং তাদের সঙ্গে ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করা উচিত। পাশাপাশি মাদক সেবন বা বিক্রির খবর পেলে সাহসের সঙ্গে প্রতিবাদ করা ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো প্রয়োজন।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বাংলাদেশের খবরকে বলেন, ‘আমরা সব সময় মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। মাদকের ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। কোন ছাড় নেই। সর্বাত্মকভাবে চেষ্টা করছি আশুলিয়াকে অপরাধমুক্ত করতে।’ তিনি আরও জানান, স্থানীয়রা যদি নির্ভরযোগ্য তথ্য দেন, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, শিল্পাঞ্চল আশুলিয়ার মাদক নিয়ন্ত্রণে থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ, র‌্যাব ও যৌথ বাহিনীর অভিযান চোখে পড়লেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান তেমন দেখা যায় না। তবে কর্মকর্তারা দাবি করেছেন, আশুলিয়াতে প্রতিনিয়ত তাদের অভিযান চলছে।

আশুলিয়ায় অভিযানের বিষয়ে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা জেলার উপ-পরিচালক ঊর্মি দে বাংলাদেশের খবরকে বলেন, ‘গত পরশু আমাদের ৮২ জনের একটি টিম আশুলিয়ার ৫টি স্থানে অভিযান চালিয়েছে। একটি স্থানে আলামত না পাওয়া গেলেও বাকি ৪টি স্থান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

হাসান ভূঁইয়া/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মামলা গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন