আশুলিয়ায় সেনা অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ আটক ৫
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৪:৫৩
ছবি : বাংলাদেশের খবর
ঢাকার আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জামগড়া আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।
সেনাবাহিনী জানায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বাসায় তল্লাশি চালিয়ে ১৭টি দেশীয় অস্ত্র, ২টি টেজার ও অপরাধমূলক তথ্যসমৃদ্ধ ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো : আশুলিয়ার ভাদাইল এলাকার ইমন (২৩), মো. রাহুল (২৩), মো. সাইরোয়ার (৩০), মো. সানোয়ার (৩৩) এবং ফরিদপুরের মো. বায়েজিদ (২২)।
সেনাবাহিনী আরও জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ তাদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘রাতের অভিযানে অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের হেফাজত থেকে উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
হাসান ভূঁইয়া/এআরএস

