ক্ষমতার দাপটে শিক্ষার মান তছনছ হয়ে গেছে : সাবেক এমপি কালাম
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৭:০৪
ছবি : বাংলাদেশের খবর
ক্ষমতার দাপটে শিক্ষার পরিবেশ ও মান তছনছ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘শিক্ষার গুণগত মান ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ‘বিগত ১৭ বছরে শিক্ষার মান, পরিবেশ সব ধ্বংস করেছে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ। আমরা ধ্বংসযজ্ঞ চাইনা, বিদ্যালয়ে রাজনীতি চাইনা। তবে, শিক্ষা ব্যবস্থা ঠিক করতে যা যা প্রয়োজন তা বাস্তবায়ন করবে বিএনপি।’
সভায় হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালক পর্ষদের সভাপতি ফরহাদুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আলীমের সঞ্চালনায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আরিফ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতিকুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি সাহিদুর রহমান খান সাঈদ, যুগ্মসম্পাদক শামছুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাহেরুল হক খোকন, ভাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জি. ফারুক হোসেন সম্রাট, সাধারণ সম্পাদক আবুল হোসেন খান প্রমুখ বক্তৃতা করেন।
- রাব্বি ইসলাম/এমআই

