টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে ড্রাম ট্রাক নদীতে
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২
ছবি : সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই একটি ড্রাম ট্রাক নদীতে পড়ে গেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালকসহ ২জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে ঢাকা থেকে একটি পাথরবোঝাই ড্রাম ট্রাক টঙ্গীর তুরাগ নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজ পার হচ্ছিল। এসময় ট্রাকটি ব্রিজের মাঝখানে আসলে ব্রিজ ভেঙে পড়ে। এতে ট্রাকটি নদীতে পড়ে গিয়ে চালকসহ অপর এক ব্যক্তি আহত হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ব্রিজের পাশের এক চা-দোকানি বলেন, ‘শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই আমরা। পরে আশপাশের লোকজন এগিয়ে গেলে ব্রিজটি ভেঙে তুরাগ নদে একটি পাথর বোঝাই করা ট্রাক পড়ে থাকতে দেখে। এ সময় ট্রাকের চালক ও অপর একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক (টঙ্গী জোন) জাফর আহমেদ বলেন, ‘তুরাগ নদের ওপর তিনটি বেইলি ব্রিজের মধ্যে দুইটি ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করতো। একটি ভেঙে যাওয়ায় অপরটি দিয়ে গাজীপুর থেকে রাজধানীতে প্রবেশ করলেও রাজধানী থেকে গাজীপুরগামী যানবাহনকে বিআরাটি প্রকল্পের উড়াল সেতু ব্যবহার করতে হবে।’
ডিআর/এটিআর

