বরিশাল বিএনপির কোন্দল নিরসনে হাইকমান্ডের রুদ্ধদ্বার বৈঠক
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ২০:১৩
ছবি : বাংলাদেশের খবর
বরিশাল জেলা ও মহানগর বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং মনোনয়নসংক্রান্ত বিরোধ মেটাতে হাইকমান্ডের নির্দেশে অনুষ্ঠিত হয়েছে এক রুদ্ধদ্বার বৈঠক। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠকে বরিশালের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় নেতারা।
বিশেষ করে বরিশাল সদর আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী কয়েকজন প্রভাবশালী নেতার মধ্যে চলমান দ্বন্দ্ব, সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য এবং নেতাদের অনুসারীদের মধ্যে বিভাজন নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে।
বৈঠক সূত্রে জানা গেছে, তারেক রহমানের সরাসরি নির্দেশে এই বৈঠকের আয়োজন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম জেড এ জাহিদ হোসেন। এতে বরিশাল সদর আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় নেতা মজিবর রহমান সরোয়ার, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া বৈঠকে অংশ নেন বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু। বৈঠক নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর রাত ১১টার দিকে শুরু হয় এবং প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়।
সূত্র জানায়, বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্ব বরিশালের নেতাদের নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ‘ভুলে গিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের’ আগে মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন।
বৈঠক শেষে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘হাইকমান্ড আমাদের পরিষ্কারভাবে বলেছে—কে প্রার্থী হবেন, সেটা নিয়ে এখন কোনো বিভেদ নয়। ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।’
সদর আসনে প্রার্থী নিয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘প্রার্থিতার বিষয়ে এখনো আলোচনা হয়নি। তবে মনোনয়ন যিনি পাবেন, আমরা সকলে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব।’
বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা মজিবর রহমান সরোয়ার বলেন, ‘কেন্দ্রীয় নেতৃত্ব পরিষ্কার নির্দেশ দিয়েছে-এখন কোনো বিভাজনের সময় নয়। সবাই মিলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। জনগণ চায় পরিবর্তন, আর সেই পরিবর্তনের শক্তিই বিএনপি।’
বিএনপি সূত্রে জানা গেছে, বরিশাল সদর কমিটির পুনর্গঠন ও নেতৃত্ব বণ্টন নিয়ে কয়েকজন শীর্ষ নেতার অনুসারীদের মধ্যে সামাজিক মাধ্যমে তীব্র বাকযুদ্ধ চলছিল। এই দ্বন্দ্ব গণমাধ্যম ও ফেসবুকে প্রকাশ পাওয়ায় বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। এরপরই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাহিদ হোসেনকে দায়িত্ব দেন তিনি।
বৈঠক শেষে কেন্দ্রীয় নেতা জাহিদ হোসেন ও বরিশাল নেতাদের একটি সম্মিলিত ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি করেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামী নির্বাচনের আগে বিএনপি এখন সাংগঠনিক ঐক্যের ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। বরিশাল বিভাগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থামানো না গেলে তা মাঠ পর্যায়ের প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বরিশাল বিএনপির কোন্দল নিরসনে এই বৈঠককে তৃণমূল নেতারা “ইতিবাচক উদ্যোগ” হিসেবে দেখছেন। তারা বলছেন, কেন্দ্রীয় নেতৃত্ব যদি নিয়মিত এভাবে প্রত্যক্ষ তদারকি চালায়, তবে সংগঠনের ঐক্য ফিরিয়ে আনা সম্ভব।
- গাজী আরিফুর রহমান/এমআই

