Logo

সারাদেশ

আলফাডাঙ্গা পৌর বিএনপির সম্পাদক নির্বাচিত হলেন সাবেক ছাত্রনেতা হাসিব

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ২০:৩৩

আলফাডাঙ্গা পৌর বিএনপির সম্পাদক নির্বাচিত হলেন সাবেক ছাত্রনেতা হাসিব

হাসিবুল হাসান হাসিব।

দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের স্বীকৃতিস্বরূপ ফরিদপুরের নবগঠিত আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা হাসিবুল হাসান হাসিব।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে এই নতুন কমিটি অনুমোদন দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন।

জানা গেছে, হাসিবুল হাসান হাসিব একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ বিএনপি কর্মী হিসেবে পরিচিত। তার রাজনৈতিক পথচলা শুরু হয় ছাত্ররাজনীতি থেকে। ২০০৩ সালে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিক কলেজ ছাত্রছাত্রী সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। রাজনীতির মাঠে হাসিবুল হাসান হাসিবের প্রধান পরিচয় একজন রাজপথের সৈনিক হিসেবে। দলের দুর্দিনে তিনি বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। দীর্ঘ সময় তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি একাধিক রাজনৈতিক মিথ্যা মামলার আসামি হয়েছেন।

পেশাগত জীবনে তিনি একজন সফল ব্যবসায়ী হলেও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বহুদলীয় গণতন্ত্র এবং দেশপ্রেমের প্রতি তার নিষ্ঠা সবসময়ই ছিল অবিচল।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া ব্যক্ত করে হাসিবুল হাসান বলেন, ‘আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে আমি আনন্দিত ও গর্বিত। তবে এটি কেবল কোনো পদ নয়। এটি আমার কাছে একটি গুরুদায়িত্ব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের প্রতীক তারেক রহমানের দিকনির্দেশনা ও আদর্শকে পাথেয় করে দলের দুর্দিনে আমি সবসময় রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকব।’

নবগঠিত এই কমিটি নিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রথম কাজ হবে দলকে সুসংগঠিত করা, তৃণমূলের কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করা এবং জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করে আলফাডাঙ্গাকে জাতীয়তাবাদী শক্তির দুর্গে পরিণত করা। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে সব বাঁধা-বিপত্তি অতিক্রম করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমরা সামনের সারিতে থাকব-এটাই আমার অঙ্গীকার।’

  • মিয়া রাকিবুল/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন