Logo

সারাদেশ

বরিশালে দেড় কোটি টাকার নকল সিগারেট জব্দ

Icon

বরিশাল ব্যুরো প্রধান

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ২১:১১

বরিশালে দেড় কোটি টাকার নকল সিগারেট জব্দ

ছবি : বাংলাদেশের খবর

বরিশাল নগরীর কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল–৩ বরিশাল।

রোববার (২৬ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত কাশিপুরের মুখার্জী বাড়ি পুল সংলগ্ন খান মঞ্জিল নামে একটি ভবনের ভাড়াকৃত গোডাউনে এই অভিযান পরিচালনা করা হয়।

কাস্টমস সূত্র জানায়, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে বরিশালসহ আশপাশের জেলায় জাল ব্যান্ডরোল লাগানো সিগারেট বিক্রি ও মজুত করে আসছিল। এসব সিগারেট কম দামে বিভিন্ন দোকানে সরবরাহ করা হতো।

অভিযানে প্রায় ৫০ কার্টন নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করা হয়। প্রতিটি কার্টনে ১০ হাজার পিস সিগারেট ছিল। লাল ও লীল রঙের দুই ধরনের সিগারেটের প্রতিটি প্যাকেটের দাম লেখা ছিল ১২০ টাকা। বাজারমূল্যে জব্দকৃত সিগারেটের পরিমাণ প্রায় ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্মকর্তারা।

রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম খান ও সাজ্জাদ আলম বলেন, কাস্টমস আইনের বিধান অনুযায়ী এসব অবৈধ পণ্য জব্দ দেখিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চালানোর সময় গোডাউনের ভেতর থেকে কাউকে পাওয়া যায়নি। প্রায় তিন ঘণ্টা অপেক্ষা শেষে ভবন মালিক, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও পুলিশের উপস্থিতিতে তালা ভেঙে মালামাল জব্দ করা হয়।

সহকারী রাজস্ব কর্মকর্তা নূর মোহাম্মদ ও আরিফুল ভুঁইয়া বলেন, সরকার অবৈধ বিড়ি–সিগারেট ও কর ফাঁকির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। এই ধরনের পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

অভিযানে বরিশাল বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) বাসুদেব, সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল এবং কনস্টেবল মিজান ও আলমগীর অংশ নেন।

ভবন মালিক নূরুজ্জামান জানান, তার ছেলে সোলায়মান চলতি বছরের জুন মাসে দুই বছরের চুক্তিতে মাসিক ৮ হাজার টাকায় ভবনটি ভাড়া দেন। ভাড়াটিয়ারা পিকআপে কার্টনভর্তি মালামাল আনা–নেওয়া করতেন, তবে সেগুলোর প্রকৃতি সম্পর্কে তিনি কিছু জানেন না।

গোডাউন ম্যানেজার কায়সার বলেন, ‘তিনি একজন বেতনভুক্ত কর্মচারী। সিগারেট আসল না নকল, সেটা কোম্পানি বা কাস্টমস ভালো বলতে পারবে।’

  •  জেআই জুয়েল/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন