Logo

সারাদেশ

আওয়ামীপন্থী নেতাদের দিয়ে কমিটি গঠনের অভিযোগে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ২১:৪৫

আওয়ামীপন্থী নেতাদের দিয়ে কমিটি গঠনের অভিযোগে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন ঘিরে স্থানীয় রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। কমিটি গঠনে 'আওয়ামী লীগপন্থী' নেতাদের প্রাধান্য দেওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন পদবঞ্চিত ও বিএনপির একাংশের নেতাকর্মীরা। এই 'বিতর্কিত' কমিটির প্রতিবাদে তারা বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির একাংশের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 

পরে সন্ধ্যায় কমিটির বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে তারা মশাল হাতে আরেকটি প্রতিবাদী মিছিল করেন।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা সরাসরি অভিযোগ করেন যে, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম 'মোটা অঙ্কের আর্থিক লেনদেনের বিনিময়ে' আওয়ামী লীগ-ঘেঁষা কয়েকজন নেতাকে পুনর্বাসন করে উপজেলা বিএনপির এই কমিটি অনুমোদন করেছেন। ​মিছিল চলাকালীন নেতাকর্মীরা "আওয়ামী লীগপন্থী কমিটি মানি না মানবো না, এই কমিটি বাতিল করো!"-স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

ক্ষুব্ধ নেতাকর্মীরা দ্রুত এই 'বিতর্কিত কমিটি' ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, তৃণমূলের ত্যাগী কর্মীদের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে দ্রুত নতুন কমিটি পুনর্গঠন করতে হবে।

এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মুসা, উপজেলা শ্রমিকদলের সভাপতি মাহমুদুল হাসান ইয়াদ, পৌর শ্রমিকদলের সভাপতি কাইয়ুম শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ আজিজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজল জসিমউদদীন কাকুল, অপর যুগ্ম আহ্বায়ক ইমরান খান ইয়ানুর, উপজেলা যুবদল নেতা রমজান মোল্যা, উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আলামিন ইসলাম নাজমুল প্রমুখ।

  • মিয়া রাকিবুল/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি আওয়ামী লীগ বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন