আলফাডাঙ্গায় বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ২০:০৬
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির নবগঠিত উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও মশাল মিছিল করেছে দলটির একাংশের নেতাকর্মীরা। ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন এবং আওয়ামী লীগ–সমর্থিত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়ার অভিযোগে টানা দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদর বাজারের হাসপাতাল রোডে বিএনপির একাংশের কার্যালয় থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা চৌরাস্তায় আগুন জ্বালিয়ে প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে ওই এলাকার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এর আগে ২৬ অক্টোবর প্রথম দিনও একই দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেন তারা।
জানা যায়, গত ২৩ অক্টোবর রাতে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন ১০১ সদস্যবিশিষ্ট আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির দুটি পৃথক কমিটি ঘোষণা করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, নবগঠিত কমিটিতে দীর্ঘ ১৭ বছর ধরে দলীয় আন্দোলন, হামলা-মামলা ও কারাবরণসহ দলের দুর্দিনে যারা পাশে ছিলেন, সেই ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে। বরং আওয়ামী লীগের পদ-পদবিধারী বা তাদের সমর্থকদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা খন্দকার নাসিরুল ইসলামের নেতৃত্বে ঘোষিত কমিটির কঠোর সমালোচনা করেন।
তাদের অভিযোগ, ‘নাসিরুল ইসলাম টাকার বিনিময়ে ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগের চিহ্নিত ব্যক্তিদের পদ দিয়েছেন। তিনি অর্থের বিনিময়ে বিএনপিকে বিক্রি করেছেন।’
সমাবেশে বক্তারা নবগঠিত কমিটি বাতিল ও ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’
বিক্ষোভ ও মশাল মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মুসা, শ্রমিক দলের নেতা মাহমুদুল হাসান ইয়াদ, কাইয়ুম শিকদার, আরব আলী, রমজান মোল্যা, সালাউদ্দিন, আলামিন ইসলাম নাজমুল প্রমুখ।
উল্লেখ্য, ফরিদপুর-১ আসনে (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) বিএনপির অভ্যন্তরীণ কোন্দল দীর্ঘদিনের। একটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, অন্য গ্রুপের নেতৃত্বে আছেন সাবেক ছাত্রনেতা শামসুদ্দিন মিয়া ঝুনু। দুজনই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী।
নবগঠিত কমিটিতে ঝুনু গ্রুপের ত্যাগী নেতাদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা।
মিয়া রাকিবুল/এআরএস

