আলফাডাঙ্গায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১৪:৪৪
আলফাডাঙ্গায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন। ছবি : বাংলাদেশের খবর
‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায় সংগঠনগুলোর আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান।
শাপলা বহুমুখী সমবায় সমিতির সভাপতি শাহাজাহান মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- গ্রামবাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজওয়ান আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর ও গ্রামবাংলা সমবায় সমিতির ক্রেডিট সুপারভাইজার মনির লস্কর প্রমুখ।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে গ্রামবাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, এশিয়ান সমবায় সমিতি ও বলাকা সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়।
এমবি

