Logo

সারাদেশ

ফরিদপুরে আওয়ামীপন্থীদের নিয়ে বিএনপির কমিটি গঠনের অভিযোগ, স্থগিতের দাবি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১৭:৩৩

ফরিদপুরে আওয়ামীপন্থীদের নিয়ে বিএনপির কমিটি গঠনের অভিযোগ, স্থগিতের দাবি

ফরিদপুরের মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা এবং সংশ্লিষ্ট তিনটি পৌরসভায় নবগঠিত বিএনপির কমিটি স্থগিতের দাবি জানিয়েছেন দলের নেতাকর্মীরা। তারা অভিযোগ করেছেন, নতুন ঘোষিত কমিটিগুলোতে আওয়ামী লীগের পদধারী ও বিএনপি থেকে বহিষ্কৃত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ কমিটিতে রাজপথে লড়াই করা নেতাদের সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগপত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর পাঠানো হয়েছে, যা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর মাধ্যমে পৌঁছে দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৩ অক্টোবর ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদনের ঘোষণা দেওয়া হয়। তবে তিন উপজেলা ও তিন পৌরসভা কমিটিতে প্রায় ৬০ থেকে ৭০ জন আওয়ামী লীগের পদধারী নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দলের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী।

অভিযোগে বলা হয়েছে, ‘বিগত ১৬ বছর রাজপথে যারা বিএনপির পতাকা উচিয়ে রেখেছেন, জেল-জুলুম, হামলা-মামলার শিকার হয়েছেন, তাদের বাদ দিয়ে আওয়ামী লীগের সঙ্গে আপোষ করা ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এমনকি বিএনপি থেকে বহিষ্কৃত দুই নেতা— মিরাজুল ইসলাম মিল্টন ও সাইফুর রহমানকে সহসভাপতি পদে পুনর্বহাল করা হয়েছে।’

চিঠিতে আরও দাবি করা হয়, বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালীসহ ফরিদপুর-১ আসনের ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে সংগঠনকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে।

বিএনপি চেয়ারপারসনের দপ্তরে জমা দেওয়া ওই অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন ফরিদপুর-১ আসনের দুই মনোনয়নপ্রত্যাশী— জয়দেব কুমার রায় ও মো. শামসুদ্দীন মিয়া ঝুনু। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে অনুরোধ জানিয়েছেন, বিতর্কিত এই কমিটি অবিলম্বে স্থগিত করে রাজপথের সংগ্রামী নেতাকর্মীদের নিয়ে কমিটি পুনর্গঠন করার জন্য।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন