ঝিনাইদহে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১২:১৫
ঝিনাইদহে জামায়াতে ইসলামীর প্রতিবাদ সমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীরা লাঠিসোটা হাতে মহড়া দিয়ে সমাবেশে বাধা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। ছবি : বাংলাদেশের খবর
ঝিনাইদহে জামায়াতে ইসলামীর প্রতিবাদ সমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীরা লাঠিসোটা হাতে মহড়া দিয়ে সমাবেশে বাধা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার সুরাট বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সুরাট বাজারে ইউনিয়ন জামায়াতের অফিস থেকে গত শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সরকারি সার ও বীজ উদ্ধারের ঘটনায় ‘মব সৃষ্টির’ অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় সুরাট ইউনিয়ন জামায়াত। শনিবার বিকেলে ওই সমাবেশ শুরু হয়। পরে সমাবেশ থেকে বিএনপিকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ তোলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার কথা বললে উভয়পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
সুরাট ইউনিয়ন জামায়াতের আমির ইকবাল হোসেন বলেন, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করছিলাম। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা লাঠিসোটা হাতে হামলার চেষ্টা করেছে। সুরাট বাজারের স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরে পরিস্থিতি শান্ত হয়।
এ ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদে সন্ধ্যা ৭টায় সুরাট বাজারে বিক্ষোভ মিছিল করেছে সুরাট ইউনিয়ন বিএনপি। সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেনের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতা বিল্লাল হোসেন বলেন, বিএনপির বিরুদ্ধে জামায়াতের নেতারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। তারা বিএনপির নেতাকর্মীদের উস্কানি দিয়ে ফাঁদ সৃষ্টি করছে। ধৈর্য্যের সঙ্গে এসব ফাঁদ মোকাবিলা করতে হবে। সরকারি সার-বীজ জামায়াতের অফিস থেকে উদ্ধার হয়েছে, দেশের মানুষ দেখেছে। তারা শাক দিয়ে মাছ ঢেকে রাখতে চাইছে।
সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান বলেন, ৫ আগস্টের পর ঝিনাইদহে জামায়াতের সমর্থন বৃদ্ধি পাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। এ কারণে তারা পরিকল্পিতভাবে সার উদ্ধারের নামে মব সৃষ্টি করে জামায়াতকে কাঠগড়ায় তোলার চেষ্টা করেছে। কিন্তু জনগণ বিএনপির ষড়যন্ত্র বুঝে গেছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, রাজনৈতিক কর্মসূচি ঘিরে দুটি দলের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। খবর পাওয়া মাত্রই আমি ঘটনাস্থলে এসেছি। সুরাট বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সবাইকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সুরাট বাজারে সুরাট ইউনিয়ন জামায়াতের কার্যালয় থেকে সরকারি কৃষি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করে সদর উপজেলা কৃষি অফিস। উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে আট প্যাকেট সরিষার বীজ, চার বস্তা ডিএপি সার, চার বস্তা পটাশ সার, এক বস্তা এমওপি সার ও ১৯ কেজি মসুর ডালের বীজ। প্রণোদনার এসব সার-বীজ কৃষকদের মধ্যে বিতরণের কথা থাকলেও রাজনৈতিক দলের কার্যালয়ে তা জমা রাখায় শুরু হয়েছে নানা গুঞ্জন ও সমালোচনা। তবে এ ঘটনার নেপথ্যে রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন জামায়াত নেতারা।
এম বুরহান উদ্দীন/এমবি

