সীতাকুণ্ডে বাস চাপায় নারী নিহত
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১১:৪৯
প্রতীকী ছবি। গ্রাফিক্স : বাংলাদেশের খবর
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের চাপায় আফরোজা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থিছিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফরোজা বেগম চট্টগ্রাম নগরীর পাহাড়তলী হাজী ক্যাম্প এলাকার নজরুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকামুখী সৌদিয়া পরিবহনের একটি বাস পন্থিছিলা এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আফরোজা বেগমকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জাকির রাব্বানী বলেন, ‘আইনগত প্রক্রিয়া শেষে নিহত নারীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল এবং দুর্ঘটনার পর চালক দ্রুত বাসটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ বাসটি শনাক্ত করার জন্য অভিযান চালাচ্ছে।
মোহাম্মদ জামশেদ আলম/এমএইচএস

