Logo

সারাদেশ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:১৬

অ
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

গাজীপুরের শ্রীপুরে অর্ধেক বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন করেছেন খান টেক্সটাইল লি. কারখানার ১৬শ শ্রমিক।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা এলাকায় উৎপাদন কাজ বন্ধ রেখে কারখানার গেটের সামনে এই কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।

কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, এই কারখানায় প্রায় ১৬শ শ্রমিক কাজ করেন। কয়েক মাস আগে তাদের ৫০% বেতন পরিশোধ করেছে কর্তৃপক্ষ। বাকি ৫০% শ্রমিকের বেতন পরিশোধ না করায় এই কর্মবিরতি পালন করছেন তারা।

দক্ষিণ বারতোপা এলাকার স্থানীয় বাসিন্দা লাল মিয়া বলেন, বকেয়া বেতনের দাবিতে সকালে কাজ বন্ধ করে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। বেতন পরিশোধ করতে না পারায় কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানা বন্ধ ঘোষণা করেন।

শ্রমিকরা জানান, মালিকপক্ষের পূর্ব ঘোষণা অনুযায়ী ২০ ডিসেম্বর শ্রমিকদের নভেম্বর মাসের বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত মালিকপক্ষ বেতন পরিশোধ না করায় কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।

শ্রীপুর শিল্প পুলিশের এসআই রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রমিকদের অর্ধেক বেতন পূর্বে পরিশোধ করা হয়েছে। বাকি ৫০% বেতন পরিশোধের দাবিতে কাজ বন্ধ করে গেটের সামনে অবস্থান নেন। পরে দুপুর ১২টার দিকে কর্তৃপক্ষের কোনো আশ্বাস না পেয়ে কর্মস্থল ত্যাগ করে বাড়ি চলে যায়। 

এ বিষয়ে জানতে কারখানা কর্তৃপক্ষের সাথে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

সোহেল/এমবি  

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন