Logo

সারাদেশ

বগুড়ায় ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৪:০২

বগুড়ায় ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

বগুড়ার শাজাহানপুরে দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন মা। ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার শাজাহানপুরে দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন মা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার খৈলশাকান্দি গ্রাম থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- খৈলশাকান্দি গ্রামের সেনা সদস্য শাহাদত হোসেন কাজলের স্ত্রী সাদিয়া বেগম (২৫), তাদের দুই সন্তান সাইফ (৭ মাস) ও সাইফা (৪)।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

স্থানীয়রা জানান, শাহাদাৎ হোসেন ও সাদিয়া দম্পতি দুই সন্তানকে নিয়ে ওই বাড়িতেই বসবাস করতেন। ঘটনার কারণ তদন্ত করে দেখছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হুসাইন মোহাম্মদ রায়হান বলেন, ঘরের ভেতর থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই শিশুর গলাকাটা এবং মায়ের মরদেহ গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

তিনি আরও বলেন, ঘটনার পর নিহতের স্বামী শাহাদত হোসেন অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন আত্মহত্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর