দোকানের জন্য মালামাল কিনতে গিয়ে লাশ হলেন জুলহাস
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫
চাঁদপুরের হাজীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জুলহাস খান (২৭) নিহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বাকিলায় উপজেলার বাকিলা এলাকায় দোকানের জন্য মালামাল কিনতে যাওয়ার পথে বাসের ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়েন। পরে তার মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানার এসআই জয়নাল আবেদীন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। শুনেছি জুলহাস খুব দ্রুতগতিতে বাইক চালাচ্ছিল। পরে সে হাজীগঞ্জ থেকে বাকিলা যাবার পথে অপর দিক থেকে আসা বোগদাদ বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে তার মাথায় হেলমেট না থাকায় গুরুতর জখমপ্রাপ্ত হয় এবং মারা যায়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পুলিশ জানায়, নিহত জুলহাস খান চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের কুমড়ারডুগীর খানবাড়ীর বাসিন্দা। তিনি মৃত আব্দুল জলিল খানের ছেলে।
পরিবারের আহাজারির মধ্য দিয়ে জুলহাসের মা আয়শা বেগম বলেন, ‘জুলহাসের হাজীগঞ্জে একটি বেকারি ও একটি কনফেকশনারি রয়েছে। সেইগুলোর জন্য মালামাল কিনতেই সে বাকিলা আসছিল। পথেমধ্যেই এই ঘটনা ঘটল।’
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত জুলহাসের পরিবারের থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
আলআমিন ভূঁইয়া/এমজে

