ছবি : বাংলাদেশের খবর
সিলেটের টুকেরবাজারে আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীদের মারধরে এক ছাত্রদল নেতার ভাই মারা গেছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি।
নিহত ব্যক্তির নাম শেখ উদ্দিন (৫০)। তিনি সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নুল আহমদ জয়ের বড় ভাই।
গত শুক্রবার (২২ ডিসেম্বর) বাদ জুমা হামলা ও মারধরের এ ঘটনা ঘটে।
নিহতের ভাই ছাত্রদল নেতা জয় জানান, গ্রামের আওয়ামী লীগ কর্মী শাহ মিয়ার সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে শুক্রবার বাদ জুমা সিসিকের ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক লিলু মিয়ার কাছে বিচার দিতে যান তার বড় ভাই শেখ উদ্দিন। কিন্তু লিলু মিয়া বিচারপ্রার্থীর কথা না শুনে শাহ মিয়ার পক্ষ ধরে শেখ উদ্দিনকে মারধর শুরু করেন।
একপর্যায়ে লিলু তার বাহিনী নিয়ে শেখ উদ্দিনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এসময় হামলাকারীদের মারধরে শেখ উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। ৫ দিন সেখানে চিকিৎসা নিয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ বাংলাদেশের খবরকে বলেন, ঘটনার পর ২৩ ডিসেম্বর শেখ উদ্দিনের ভাই বাদী হয়ে থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এখন সেটি হত্যা মামলা হিসেবে নেওয়া হবে। গতকাল (মঙ্গলবার) রাত থেকেই অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। আশা করি দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।
রেজাউল হক ডালিম/এটিআর

