Logo

সারাদেশ

গ্রাফিতির ওপর লেখা ‘জয় বাংলা’, শিক্ষার্থীদের ক্ষোভ

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১৫:০৬

অ
গ্রাফিতির ওপর লেখা ‘জয় বাংলা’, শিক্ষার্থীদের ক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

গত ৫ আগস্ট সরকার পতনের পর আন্দোলনের নানা চিত্র ফুটে ওঠে দেশের বিভিন্ন স্থাপনার দেয়ালে। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের তুলির ছোঁয়ায় বদলে যায় শেরপুরের প্রতিটি দেয়ালের চিত্রও। গ্রাফিতির মাধ্যমে করা হয় প্রতিবাদ; ফুটে ওঠে দেশপ্রেম, সাম্য, সম্প্রীতিসহ ভ্রাতৃত্ববোধের বহু বার্তা। 

তবে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে নালিতাবাড়ি পৌরশহরের স্থানীয়রা দেখতে পান, বিভিন্ন দেয়ালে গ্রাফিতির ওপর সদ্য বাদ দেওয়া জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ লিখে গ্রাফিতি নষ্ট করা করা হয়েছে। এছাড়াও এর সঙ্গে রয়েছে দলীয় স্লোগান 'জয় বঙ্গবন্ধু'। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে৷

ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এমন ঘটনা ঘটেছে। তবে কারা এই কাণ্ড ঘটিয়েছে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে।

এদিকে গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ ও 'জয় বঙ্গবন্ধু' স্লোগান দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের ধারণা, জুলাই বিপ্লবকে ধারণ করে না বা মানতে পারে না, এমন কোনো অপশক্তিই এসব করেছে।

গ্রাফিতি অঙ্কনে মুখ্য ভূমিকা পালনকারী শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘রাতের আঁধারে কোনো অপশক্তি গ্রাফিতিগুলো নষ্ট করে দিয়েছে। গ্রাফিতির ওপর এসব স্লোগান লেখা হয়েছে। ‘জয় বাংলা’ স্লোগান হাইকোর্ট নিষিদ্ধ করেছেন, এটা তো আমাদের বিষয় নয়। তারা কেন আমাদের গ্রাফিতি নষ্ট করল।

স্থানীয় হাসান তৌফিক তূর্য বলেন, ‘ গ্রাফিতির ওপর জয় বাংলা না লিখে অন্য কোথাও লিখতে পারতো। তারা কেন আমাদের চেতনার ওপর আঘাত করেছে। যারা এই কাজ করেছে, তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না- এটা তারই প্রমাণ।

শেরপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন বলেন, ‘বিষয়টি আমরা অবগত হয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে খোঁজছে। এ ব্যাপারে আমরা সবাই বসে পরবর্তী করণীয় নির্ধারণ করব।’

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি আমরা অবগত হয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শাহরিয়ার শাকির/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন