ছাত্রীর সঙ্গে মাদ্রাসা শিক্ষকের তৃতীয় বিয়ে, দুই গ্রামে সংঘর্ষ
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ২০:৪৯
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি মহিলা মাদ্রাসার শিক্ষক তার ছাত্রীকে বিয়ে করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ হয়েছে। এ সময় নারী-পুরুষসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মনসুরাবাদ গ্রামের আকরাম মেম্বার গ্রুপের মাওলানা জাহিদ গ্রামে একটি মহিলা মাদ্রাসা করেছেন। সেই মাদ্রাসার এক শিক্ষার্থীকে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে বিয়ে করেন তিনি। সেই শিক্ষার্থী ওই গ্রামের প্রতিপক্ষ বাবর আলী মেম্বার গ্রুপের ইলিয়াস মাতুব্বরের মেয়ে। এটি জাহিদের তৃতীয় বিয়ে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ছিল ওই মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিল। মাহফিলে ওই ছাত্রীর বাবা ইলিয়াস মাতুব্বর তার জামাতা জাহিদকে মুনসুরাবাদ বাজারে শিক্ষার্থীকে বিয়ে করায় গালমন্দ করেন।
এ নিয়ে মঙ্গলবার বিকেলে জামাই-শশুরের লোকদের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। তার জের ধরে আকরাম মেম্বার ও বাবর আলী মেম্বারের গ্রুপের মাঝে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে উভয় পক্ষের দশ জন আহত হয়েছেন। গুরুতর আহত রিয়াজ মাতুব্বর, ইখলাছ মাতুব্বর, চাম্পা বেগম, ও কাউসার মাতুব্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্য আহত সাইদুর মোল্লা, সাইদুর দফাদার, পান্নু ফকির, মাহাবুর মোল্লা, সাজ্জাদ শেখকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে আকরাম মেম্বার বলেন, ‘জাহিদ হুজুরের ওয়াজ মাহফিলের সময় ভেজাল করতে চেয়েছিল। এ জন্যই দুই পক্ষের মারামারি হয়েছে।’
আরেকপক্ষের দলনেতা বাবর আলী মেম্বার বলেন, ‘জাহিদ হুজুর এভাবেই প্রলোভন দেখিয়ে তিনটি বিয়ে করেছেন। সেই বিষয়টি নিয়ে মেয়ের বাবা ইলিয়াস মাতুব্বর জাহিদের গার্জিয়ানের কাছে নালিশ দিলে তারা উল্টো তাকে আরও ছয়টি বিয়ে করাবেন বলে গালমন্দ করেন। এ নিয়েই তারা মেয়ের বাবা-চাচাকে মারধর করেন।’
এ বিষয়ে ভাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদ করার জন্য দুইজনকে আটক করা হয়েছে। কোনো পক্ষ এখনো থানায় অভিযোগ দেয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
এমজে

