সারাদেশে শান্তি ও সম্প্রীতির বার্তায় বড়দিন উদযাপিত
বাংলাদেশের ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ২২:০৩
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ, আর সম্প্রীতির বার্তায় সারাদেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালিত হয়েছে। সারাদেশে যীশুর জন্মদিন উদযাপন করেছে দেশের প্রতিটি গির্জা আর ধর্মপল্লী।
বান্দরবানবান্দরবানে সকাল থেকেই খ্রিস্টান ধর্মাবলম্বীরা গীর্জায় জড়ো হন। সমবেত প্রার্থনায় তাঁরা নিজেদের আত্মশুদ্ধির মাধ্যমে নতুন বছরের সুখ-শান্তি কামনা করেন। ফাতেমা রাণী ক্যাথলিক গীর্জায় বিশেষ প্রার্থনার পর সংগীত পরিবেশন করা হয়। প্রার্থনায় যীশুর পথ অনুসরণ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
বীরগঞ্জ (দিনাজপুর)দিনাজপুরের বীরগঞ্জে খ্রিস্টান সম্প্রদায় তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করে। হাউজ ফেলোসিভ চার্চে পালক বরুণ বাছারের পরিচালনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। দিনটি ছিল শিশুদের আনন্দ-উচ্ছ্বাসে ভরা।
মধুপুর (টাঙ্গাইল)টাঙ্গাইলের মধুপুরের লাল মাটির গড়াঞ্চলে বড়দিন উদযাপিত হয়েছে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে। জলছত্র খ্রিস্ট দেহ ধর্মপল্লীতে কেক কাটা এবং কীর্তন প্রতিযোগিতায় অংশ নেন ধর্মপ্রাণ খ্রিস্টানরা। গ্রামে গ্রামে ঐতিহ্যবাহী খেলাধুলা আর পিঠাপুলির আয়োজন ছিল বড় আকর্ষণ।
পটুয়াখালীপটুয়াখালীতে ভক্তরা যীশুর জীবনী নিয়ে আলোচনা করেন এবং প্রার্থনায় অংশ নেন। আলোকসজ্জা এবং পিঠা-পায়েস তৈরির মধ্য দিয়ে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে খ্রিস্টান পল্লীগুলোতে।
রাজশাহীরাজশাহীতে বড়দিনের আয়োজন ছিল অত্যন্ত বর্ণাঢ্য। উত্তম মেষ পালক ক্যাথিড্রাল গির্জায় বিশেষ প্রার্থনা এবং প্রতীকী গোশালায় যীশুর জন্মের চিত্র ফুটিয়ে তোলা হয়। প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।
খাগড়াছড়িপার্বত্য জেলা খাগড়াছড়িতে বড়দিন পালিত হয়েছে জমকালো আয়োজনে। গীর্জায় ঝলমলে সাজ এবং সাংস্কৃতিক সন্ধ্যার পাশাপাশি এতিম শিশুদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা ছিল উৎসবের প্রধান আকর্ষণ।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের তাড়াশে খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে তাড়াশ উপজেলার গুল্টা আবে মারিয়া মিশনে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বড়দিন উৎযাপিত হয়। খ্রিস্টধর্মের প্রবর্তক যীশুখ্রিষ্ট এইদিনে ফিলিস্তিনের পশ্চিমতীরে বেথলেহেম শহরে এক গোয়ালঘরে কুমারী মাতা মেরির কোলে জন্মগ্রহণ করেন।
এ উপলক্ষে গুল্টা মিশনে কেক কাটা প্রার্থনা নাচগানসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে বড়দিন পালিত হয়। গুল্টা খ্রিষ্টান পল্লীর চেয়ারম্যান লিখিল খাঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা।
শুভ বড়দিন উপলক্ষে প্রার্থনা আর আনন্দে মেতে উঠেছিল সারাদেশ। এ উৎসব শান্তি, প্রেম আর সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিক পুরো বিশ্বে। সবাইকে শুভ বড়দিনের আন্তরিক শুভেচ্ছা।

