তামাবিল স্থলবন্দরে মিথানলবাহী ভারতীয় ট্যাংক লরিতে আগুন
ব্যুরো প্রধান, সিলেট
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১২:৪৮
ভারত থেকে মিথানল নিয়ে আসা ট্যাংক লরিটিতে আগুন লাগে | ছবি : সংগৃহীত
সিলেটের তামাবিল স্থলবন্দরে ভারত থেকে মিথানল নিয়ে আসা একটি ট্যাংক লরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তবে লরিতে মিথানল না থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় তামাবিল স্থলবন্দর।
বন্দর সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর থেকে শনিবার পর্যন্ত ভারত থেকে মিথানল নিয়ে ৭টি ট্যাংক লরি তামাবিল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে শনিবার ল্যাবরেটরি পরীক্ষা শেষে বাংলাদেশের ট্যাংক লরিতে মিথানল স্থানান্তর করা হয়। তবে দুপুরে ট্যাংক লরিগুলো ভারতে ফিরে যাওয়ার সময় একটি লরিতে আগুন লাগে। তামাবিল স্থলবন্দরে ফায়ার সার্ভিস ইউনিট না থাকায় এ সময় সীমান্তের ওপারের ডাউকি স্থলবন্দর থেকে অগ্নিনির্বাপক গাড়ি এসে আগুন নেভাতে সক্ষম হয়।
সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে গাড়িতে আগুন লাগে।
তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক আমিনুল হক জানান, সামুদা কেমিক্যাল লিমিটেড মিথানল আমদানি করেছিল। প্রতিটি ট্যাংক লরিতে ২৮-৩০ টন মিথানল ছিল।
আরএইচডি/বিএইচ

