ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিলেন আরিফুর রহমান দোলন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৬
ফরিদপুর-১ (মধুখালী–আলফাডাঙ্গা–বোয়ালমারী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক ও সমাজসেবক আরিফুর রহমান দোলন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ৮৪ হাজার ৯৮৯ ভোট পেয়েছিলেন। স্থানীয় পর্যায়ে তার ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে।
আরিফুর রহমান দোলন দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি ঢাকাটাইমস পত্রিকা ও সাপ্তাহিক ‘এই সময়’-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কর্মজীবনে তিনি ‘আমাদের সময়’-এর নির্বাহী সম্পাদক, ‘বাংলাদেশ প্রতিদিন’-এর উপসম্পাদক এবং ‘প্রথম আলো’-র ডেপুটি চিফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন।
এছাড়াও তিনি বাংলাভিশন টেলিভিশনে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং জাতীয় প্রেসক্লাবের সদস্য।
তিনি সমাজসেবামূলক সংস্থা ‘কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তার নেতৃত্বে ফাউন্ডেশনটি শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করে যাচ্ছে। সংগঠনটি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগকালে ত্রাণ কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
এআরএস

