মানিকগঞ্জের ৩ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল
আফ্রিদি আহাম্মেদ, মানিকগঞ্জ
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১৫:০৯
ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মানিকগঞ্জের তিনটি আসন থেকে ৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এ ঘোষণা দেন।
মোট ২৭ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাইয়ের পর ১৮ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। অবশিষ্ট ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়।
মানিকগঞ্জ-১ আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করলেও ২ জনের মনোনয়ন বাতিল হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন—স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী বেপারী ও জনতার দলের প্রার্থী মোহাম্মদ শাহজাহান খান।
মানিকগঞ্জ-২ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল হয়। এরা হলেন—বিএনপির বিদ্রোহী প্রার্থী আবিদুর রহমান, বিদ্রোহী প্রার্থী আব্দুল হক এবং জাতীয় পার্টির এস এম আবদুল মান্নান।
মানিকগঞ্জ-৩ আসনে ১২ জনের মনোনয়নপত্রের মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন—বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা, স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম, এবি পার্টির রফিকুল ইসলাম জনি এবং স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, ‘মনোনয়নগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হয়েছে। তবে আপত্তি থাকলে প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।’
এআরএস

