বিদ্যুতের দাবিতে সিদ্ধিরগঞ্জে মহাসড়ক অবরোধ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১৯:২৯
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন মিতালী মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা। রোববার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় ঢাকাগামী লেনে এ অবরোধ ও বিক্ষোভ মিছিলের ডাক দেন তারা।
এতে মহাসড়কের ঢাকাগামী লেনে তীব্র যানজট তৈরি হয়। যানজটে পড়ে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। পুলিশের আশ্বাস পেয়ে ৪০ মিনিট মহাসড়ক অবরোধ রাখার পর সোয়া ৪টার দিকে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।
বিক্ষোভকারীরা 'বিদ্যুৎ চাই', 'বিদ্যুৎ দিন, ব্যবসায়ী বাঁচান'—স্লোগান দিতে দিতে মিছিল করেন। তাদের দাবি, গত নয় দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় দোকানপাট বন্ধ রাখতে হচ্ছে। এতে তারা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
বিক্ষোভে অংশ নেওয়া ব্যবসায়ীরা জানান, পূর্ববর্তী মার্কেট মালিক সমিতির কমিটির সদস্যরা দীর্ঘদিন ধরে মার্কেটের অর্থ লুটপাট করেছে। মিতালী মার্কেটে প্রায় ৫২ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এ কারণে ডেসকো (ডিপিডিসি) মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে।
তারা বলেন, বিদ্যুৎ সংযোগ ছাড়া ব্যবসা পরিচালনা করা অসম্ভব। এই মার্কেটে তিন হাজার দোকান রয়েছে, যেখানে হাজার হাজার মানুষ জড়িত। দ্রুত বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে না দেওয়া হলে তাদের জীবিকা হুমকির মুখে পড়বে।
মিতালী মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নেতারা জানান, শান্তিপূর্ণভাবে তারা তাদের ন্যায্য দাবি তুলে ধরছেন। তারা আশা করেন, কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।
হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন বলেন, অবরোধের খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে আনা হয়। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়ায় তারা অবরোধ তুলে নেন।
ইমতিয়াজ আহমেদ/এআরএস

