Logo

সারাদেশ

শ্রীপুরে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি ও বেশি দামে বিক্রির অভিযোগ জরিমানা

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১৯:৫৫

শ্রীপুরে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি ও বেশি দামে বিক্রির অভিযোগ জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারি মূল্যের অতিরিক্ত টাকায় এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় এলপিজি গ্যাসের ডিলার ও খুচরা বিক্রেতারা কৃত্রিম সংকট দেখিয়ে সরকারি মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করছেন বলে অভিযোগ ছিল। এ অভিযোগের ভিত্তিতে শ্রীপুর, তেলিহাটি ও জৈনা বাজারসহ বিভিন্ন এলাকায় বসুন্ধরাসহ বিভিন্ন কোম্পানির এলপিজি গ্যাসের এজেন্ট ও ডিলারের গোডাউনে অভিযান চালানো হয়।

অভিযানকালে বিভিন্ন গোডাউনে দেখা যায়, পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই এবং ফায়ার সার্ভিসের প্রয়োজনীয় লাইসেন্সও নেই। সরকারি মূল্যে প্রতি সিলিন্ডার গ্যাসের দাম ১ হাজার ২৫৩ টাকা হলেও কৃত্রিম সংকট দেখিয়ে গ্রাহকদের কাছে ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি করা হচ্ছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়ির চালা এলাকায় আল সাদী এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর তিনটি গ্যাস কোম্পানির ডিলার হলেও তার গোডাউনে বিভিন্ন কোম্পানির গ্যাস মজুত করে রাখা হয়েছে। এছাড়া সরকারি মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির পর ভাউচার ছিঁড়ে ফেলার অভিযোগও রয়েছে।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় মূল্য তালিকা প্রদর্শন না করায় শ্রীপুর বাজারের ব্যবসায়ী এসএম রফিকুল আলম (৫৬) কে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনের ৪০ ধারায় শ্রীপুর বাজারের ব্যবসায়ী মাসুদ আহমেদ পারভেজকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর বাজারের সামী, সাইফ ও টেলিকমকে ১ হাজার টাকা, জৈনা বাজারের সাদি এন্টারপ্রাইজের মালিক আব্দুল হামিদকে ১৫ হাজার টাকা এবং তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়ির চালা এলাকার মেসার্স সাদী এন্টারপ্রাইজের মালিক দেলোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম বলেন, ‘নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি ও সরবরাহের দায়ে দুইজন খুচরা ব্যবসায়ী এবং তিনজন ডিলারকে পৃথক পাঁচটি মামলায় মোট ৮৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ভুক্তভোগী গ্রাহকরা দ্রুত এ ধরনের অনিয়ম বন্ধে নিয়মিত অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।

আতাউর রহমান সোহেল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা ভ্রাম্যমাণ আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন