রাজশাহী উদীচীর সভাপতি জুলফিকার, সম্পাদক শাহিনুর
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ২০:০৪
উদীচী রাজশাহী জেলা সংসদের ৮ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে’ স্লোগানে সম্মেলনের সাংগঠনিক অধিবেশনে জুলফিকার আহমেদ গোলাপকে সভাপতি ও শাহিনুর রহমান সোনাকে সাধারণ সম্পাদক এবং সন্তোষ কুমারকে কোশাধ্যক্ষ করে ৩৩ সদস্য বিশিষ্ট দুই বছরের জন্য জেলা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর আলুপট্টি মোড়ে জাতীয় সংগীত ও সংগঠন সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও উদীচীর সংগঠন পতাকা উত্তোলন করা হয়।
এই সম্মেলন উদ্বোধন করেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। এরপর আলুপট্টি মোড় থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুমারপাড়া উদীচী চত্বরে এসে শেষ হয়।
সম্মেলনে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বেলায়েত হোসেন ও জামসেদ আনোয়ার তপন।
সম্মেলনে সাম্রাজ্যবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার অবসান ঘটাতে তারা দৃঢ়প্রতিজ্ঞ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ, সিপিবি কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, প্রখ্যাত নৃত্য গুরু হাসিব পান্না, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অজিত কুমার মন্ডল, যুগ্ম আহ্বায়ক রণজিৎ কুমার দাস ও রতন ভট্টাচার্য, কোশাধ্যক্ষ সন্তোষ কুমার, সিপিবি রাজশাহীর সভাপতি হুমায়ুন রেজা জেনু, সাধারণ সম্পাদক আফতাব হোসেন কাজল প্রমুখ।
জয় খ্রীষ্টফার বিশ্বাস/এমবি

