পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:০৯
ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ সোমবার (৫ জানুয়ারি) সকাল ৭ ঘটিকা থেকে কুয়াশার তীব্রতা কমে আসায় এ নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
এর আগে সোমবার মধ্য রাত ১২ টা ৫০ ঘটিকার দিকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, রাত থেকেই কুয়াশার ঘনত্ব ওঠানামা করায় নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিলো না। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতি বিবেচনায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝনদীতে একটি ফেরি আটকে পড়ে। পরে কুয়াশা কমে এলে ফেরি চলাচল পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, কুয়াশার তীব্রতা কমে এলে দৃষ্টিসীমা স্বাভাবিক হওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।
আফ্রিদি আহাম্মেদ/আইএইচ

