মেহেরপুরে সবজির দরপতন হওয়ায় চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি ও পেঁয়াজ চাষিদের মধ্যে বিরাজ করছে হতাশা। তাদের উৎপাদন খরচ উঠছে না বলে জানিয়েছেন। গেল এক সপ্তাহ ধরে সবজির দাম কমে যাওয়ায় তাদের মোটা অংকের টাকা লোকসান গুনতে হবে বলে জানিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক ও বর্গা চাষিরা।
জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পেয়াজের দাম প্রতিকেজি ৫০ টাকা আর ফুলকপি ও বাঁধাকপির প্রতি পিছ বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকায়। গেল ১০ দিন আগেও পেয়াজ ৮০ টাকা আর ফুলকপি ও বাঁধাকপির দাম ছিল ৪০/৫০ টাকা কেজি। সে সময় চাষিরা লাভের মুখ দেখলেও এক সপ্তাহের ব্যবধানে চাষিদের মুখের হাসি বিলীন। বর্গা চাষিরা অনেকেই বড় ধাক্কা খেয়েছেন সবজির দরপতনে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের হিসাবমতে, জেলায় চলতি মৌসুমে একহাজার ৬ হাজার ৯৩৬ হেক্টর পেঁয়াজ, ২ হাজার ১৮০হেক্টর ফুলকপি ও বাঁধাকপির আবাদ করেছেন চাষিরা। কৃষি বিভাগ উন্নতমানের ফসল আবাদের লক্ষ্যে ১৩ হাজার ৪০০ জন চাষিকে পেঁয়াজ চাষের জন্য প্রণোদনা দেয়। কৃষি অফিসের পরামর্শে উদ্বুদ্ধ হয়ে অনেকেই পেঁয়াজ চাষে আগ্রহী হন।
পেঁয়াজ চাষি গাংনীর সাহারবাটির তহশিন জানান, তিনি গেল মৌসুমে দুই বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছিলেন। পেঁয়াজের দাম ভালো পাওয়ায় এবার তিনি চার বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করেছেন। এক বিঘা পেঁয়াজ চাষে খরচ হয় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। বিঘা প্রতি উৎপাদন হয় ৫০ থেকে ৫৫ মন। চলতি মৌসুমে পেঁয়াজের মারাত্মকভাবে দরপতন হওয়ায় চাষের অর্ধেক খরচ উঠছে না। মোটা অংকের টাকা লোকসান গুনতে হবে।
পেঁয়াজ চাষি কালিগাংনীর মহিবুল জানান, এক কেজি পেয়াজ বীজ সাড়ে ৮ হাজার টাকায় কিনেছেন। জমি লিজ ও অন্যান্য খরচসহ মোট উৎপাদন ব্যয় দাঁড়িয়েছে ৫৫ হাজার টাকা। এখন উৎপাদিত পেয়াজ আড়তে বিক্রি হচ্ছে দুই হাজার টাকা মণ। আবার চার কেজি অতিরিক্ত দিতে হচ্ছে। এতে করে লিজ খরচই উঠছে না। মোটা অংকের টাকা লোকসান হবে তার। একই কথা জানালেন, পেয়াজ চাষি ছাতিয়ানের জামান ও কামাল।
কপি চাষি সহগলপুরের বদরুল হায়দার জানান, তিনি তিন বিঘা জমিতে ফুলকপি ও বাঁধাকপির আবাদ করেছেন। প্রতি বিঘায় খরচ হয় ২০ হাজার টাকা। গেল বছরও বেশ ভালো দাম পেয়েছিলেন। ১০ দিন আগেও বাজারে কপির কেজি বিক্রি হতো ৩০ টাকা। বর্তমানে প্রতিপিছ কপি বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকায়। কখনো কখনো এক জোড়া পাওয়া যাচ্ছে ১০ টাকায়। এতে উৎপাদন খরচ উঠছে না।
মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, ‘চলতি মৌসুমে চাষিরা ব্যাপকহারে সবজি চাষ করেছেন। তবে পেঁয়াজ ও কপির বাজারে দরপতনে অনেক চাষি লোকসানে পড়বেন। স্থানীয় বাজার ছাড়াও বাইরে বাজার খোঁজ করা হচ্ছে। চাষিরা যাতে লোকসানে না পড়েন, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
জামান আকতার/এমজে

