বোতাম কারখানায় অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৮:১৯
গাজীপুরের শ্রীপুর পৌরসভার মোল্লাপাড়া এলাকার বোতাম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আব্দুল রনি (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রংমিস্ত্রি আব্দুল রনি গাইবান্ধার সদর উপজেলার মধ্যফজিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। বোতাম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, রোববার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কারখানায় আগুনের ঘটনায় চারজনের মৃত্যু হলো। নিহত চারজনই রংমিস্ত্রি।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের এমএন্ডইউ ট্রিমস্ লিমিটেড নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামের আব্দুর রউফ সরকারের ছেলে মো. সোহাগ সরকার (৩২), গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার মহারাজপুর গ্রামের মো. রফিক মাতব্বরের ছেলে শাওন (২২) ও লালমনিরহাট জেলার সদর উপজেলার তালুকহারাটি গ্রামের মোহাম্মদ বাবুল মিয়ার ছেলে মো. মজমুল হক (২১) মারা যান।
সোহেল/এমবি

