Logo

সারাদেশ

পরীক্ষার প্রবেশপত্র‍ নিয়ে ফেরা হলো না ভাই-বোনের

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:১৮

অ
পরীক্ষার প্রবেশপত্র‍ নিয়ে ফেরা হলো না ভাই-বোনের

ছবি : প্রতিনিধি

শেরপুরে সড়ক দুর্ঘটনায় দুই পরিবারের চারজনসহ মোট ছয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জেলার নকলা উপজেলার কিংকরপাড়ার শাহজাহান আলীর একমাত্র ছেলে ও মেয়ে কলেজ শিক্ষার্থী মিম।

দুর্ঘটনায় নিহত নকলা উপজেলার দুই পরিবারের চারজনসহ মোট ৬ জন। তারা হলেন- শাহজাহানের ছেলে মো. কামরুজ্জামান (২৩) ও মেয়ে মাইসা তাসনিম মিম (২১), একই উপজেলার আলিনাপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মোখলেছুর রহমান (৭৮) ও তার স্ত্রী উম্মে কুলসুম (৭০), সদর উপজেলার কামারিয়া গ্রামের আবদুস সামাদের ছেলে অটোরিকশাচালক লোকমান হোসেন (৩৮)।

আগামী ২ জানুয়ারি ছোট বোন মিমের সম্মান ২য় বর্ষের পরীক্ষা। মিমকে সাথে নিয়ে প্রবেশপত্র‍ নিয়ে বড় ভাই কামরুজ্জামান বাবু সকালে বাড়ি থেকে বের হন। সিএনজি চালিত অটোরিকশা যোগে যাওয়ার পথে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালার জোড়া পাম্পে পৌঁছালে দ্রুতগামী যাত্রীবাহী রিফাত পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়।

এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। আর ঘটনাস্থলেই প্রাণ হারায় বাবু ও মিমসহ পাঁচজন। গুরুতর আরও একজনকে শেরপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একমাত্র ছেলে ও মেয়েকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তাদের বাবা ও মা। স্বজনেরা বাস চালকের শাস্তির দাবিও জানান।

নিহতের নানা হাজী আবুল কাশেম বলেন, ‘সকালে আমার নাতিরা প্রবেশপত্র নেওয়ার জন্য শেরপুর গিয়েছিল। আর ফিরে আসেনি। আমার তিনজন নাতিন। ওই ড্রাইভারের শাস্তি চাই।’

এ বিষয়ে শেরপুর পুলিশ সুপার মো. আমিরুল ইসলাম বলেন, ‘ঘটনায় জড়িত বাস চালককে দ্রুত আইনের আওতায় আনা হবে।’

শাহরিয়ার শাকির/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন