পটুয়াখালীর কলাপাড়ায় 'তারুণ্য উৎসব ২০২৫' শুরু হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) উৎসবের প্রথম দিন শহর পরিচ্ছন্ন কর্মসূচির মাধ্যমে শুরু হয়।
এদিন উপজেলা পরিষদ চত্বরে শান্তির প্রতীক হিসেবে পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
উৎসবের উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এ র্যালিতে হাজারো তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
কলাপাড়া পৌরসভার পরিচ্ছন্নতার কাজ শুরু হয় কলাপাড়া প্রেসক্লাব চত্বর ও হেলিপোর্ট চত্বর সংলগ্ন এলাকায়। এরপর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন অভিযান চালানো হবে। যাতে শহরের পরিবেশ আরও সুন্দর ও পরিষ্কার থাকে।
উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম তার বক্তব্যে বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে তরুণ সমাজের মধ্যে সচেতনতা বাড়বে। একে অপরকে সহযোগিতা করে আমরা কলাপাড়াকে আরও উন্নত ও পরিচ্ছন্ন করতে সক্ষম হবো।
নাজমুস সাকিব/এমবি

