পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মো. মারুফ শেখ (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় যাত্রী রুদ্র বড়াল (২৮) গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর সদর উপজেলার ৮ম বাংলাদেশ চীন-মৈত্রী সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে পিরোজপুরের কাউখালি থেকে আসা একটি মোটরসাইকেল বাংলাদেশ চীন-মৈত্রী সেতুর কুমিরমারা প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর হুইল গার্ডের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এ সময় সাইকেলের অন্য আরোহী রুদ্র ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহত ও আহতকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইশিতা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে এ ঘটনায় গুরুতর আহত অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, ‘তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় ও আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
নিহত মারুফ শেখ পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মুলগ্রাম এলাকার মো. ইদ্রিস শেখের ছেলে। আহত রুদ্র বড়াল পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রবিন্দ্র বড়ালের ছেলে।
সৈয়দ বশির আহম্মেদ/এমজে

