ছবি : সংগৃহীত
পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
সকাল সোয়া ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো. সালাম হোসেন।
তিনি বলেন, নৌপথে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।
এর আগে, সোমবার (দিবাগত) সারারাত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পদ্মা নদীতে কুয়াশা ছিল। এ সময় নৌপথে সতর্কতার সঙ্গে ফেরির মাস্টাররা ফেরি চালান। তবে আজ ভোরের দিকে নদীতে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে একটি ফেরি আটকা পড়ে। পরে নৌপথে দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ফেরিঘাট এলাকায় শতাধিক যানবাহন নৌপথ পারাপারে অপেক্ষমাণ রয়েছে।
ডিআর/এটিআর

