ভয় দেখিয়ে বিজয়ী হওয়া যাবে না, ১৩ তারিখ শান্তির সূর্য উঠবে : ফরিদপুরে জামায়াত প্রার্থী
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০
ফরিদপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা। ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা বলেছেন, নির্বাচনী মাঠে ভয় দেখিয়ে জনগণের রায় ছিনিয়ে নেওয়া সম্ভব নয়। জনগণ যাকে ভালোবাসবে তাকেই নির্বাচিত করবে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে সকল অন্যায় ও জুলুমের জবাব দেবে। ইনশাআল্লাহ, ১৩ তারিখ ভোরে এই জনপদে শান্তির সূর্য উঠবে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে আলফাডাঙ্গা উপজেলার বানা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. ইলিয়াস মোল্যা বলেন, বর্তমান বৈশ্বিক সভ্যতা মানুষকে অশান্তি ও যুদ্ধ ছাড়া আর কিছুই দিতে পারেনি। মানুষের তৈরি আইনে অসংখ্য দুর্বলতা রয়েছে। আমরা সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। এজন্য আল্লাহর আইন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
বানা ইউনিয়ন জামায়াতের আমির মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এগ্রিকালচারালিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসউদ।
জনসভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির আবুল হারিস মোল্যা, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসাইন, সেক্রেটারি এস এম হাফিজুর রহমান ও উপজেলা নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী রিদওয়ান প্রমুখ।
বক্তারা এলাকার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে ড. ইলিয়াস মোল্যাকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
মিয়া রাকিবুল/এমবি

