প্রবাসীর বাড়িতে চাঁদার দাবিতে বোমা ও চিরকুট রেখে হুমকি
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯
মেহেরপুরের গাংনীতে দেড় লাখ টাকা চাঁদার দাবিতে দুটি হাতবোমা ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ছবি : বাংলাদেশের খবর
মেহেরপুরের গাংনীতে দেড় লাখ টাকা চাঁদার দাবিতে দুটি হাতবোমা ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গাংনী উপজেলার সহগোলপুর গ্রামে থেকে এসব উদ্ধার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রবাসী মো. মিঠুন সহগোলপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। এ ঘটনায় মিঠুনের পরিবারসহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
মিঠুনের চাচাতো ভাই নাজমুল জানান, তাদের নির্মাণাধীন বাড়ির পাশে একটি মিষ্টির প্যাকেটে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি হাতবোমা ও একটি চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা। চিরকুটে দেড় লাখ টাকা চাঁদার দাবি করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, ভয়ভীতি দেখানোর জন্য বোমা সদৃশ্য বস্তু রাখা হতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আতঙ্কিত না হওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি।
আকতারুজ্জামান/এমবি

