মাদক কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করল ছেলে
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯
রাজশাহী মহানগরীতে মাদকাসক্ত ছেলের হাতে এক মা নির্মমভাবে খুন হওয়ার অভিযোগ উঠেছে। নিহত সোহাগী খাতুন (৫৫) চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকার আজিজুল ইসলামের স্ত্রী। শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে এবং অভিযুক্ত ছেলে মো. সুমনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং বখাটে স্বভাবের। শনিবার রাতে তিনি মাদক কেনার জন্য তার মায়ের কাছে টাকা দাবি করেন। সোহাগী খাতুন টাকা দিতে অস্বীকৃতি জানালে সুমন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ধারালো অস্ত্র দিয়ে মায়ের ওপর হামলা চালান। হামলায় গুরুতর আহত হয়ে সোহাগী খাতুন ঘটনাস্থলেই প্রাণ হারান।
হত্যার পর সুমন তার মায়ের নিথর দেহ রাস্তায় ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন এবং পরে পুলিশে সোপর্দ করেন। চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং অভিযুক্তকে হেফাজতে নেয়। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএন

