Logo

সারাদেশ

যশোরে যৌথ বাহিনীর অভিযানে ১০ গ্রেনেডসহ অস্ত্র উদ্ধার

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১১

যশোরে যৌথ বাহিনীর অভিযানে ১০ গ্রেনেডসহ অস্ত্র উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

যশোরের বাঘারপাড়া উপজেলার দড়িহাগড়া পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেনেড সদৃশ বিস্ফোরক ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত টানা আট ঘণ্টা স্থানীয় একটি বাড়িতে অভিযান চালানো হয়। পরে উদ্ধারকৃত বিস্ফোরকগুলো সেনাবাহিনীর বোমা নিস্ক্রিয়করণ দল (বোম্ব ডিসপোজাল টিম) নিয়ন্ত্রিত উপায়ে ধ্বংস করে।

যশোরের বাঘারপাড়ার দড়িহাগড়া পূর্বপাড়ায় চুন্নু মিয়ার পুত্র রায়হানের (২৭) বাড়িতে এ অভিযান চালানো হয়। রায়হান এখন পলাতক। তার বাড়ি তল্লাশি করে একটি স্টিলের ট্রাংকের ভেতর থেকে চারটি বিদেশি পিস্তল, সাতটি ম্যাগাজিন, একটি পিস্তলের কাভার, ৩৯ রাউন্ড গুলি, ১০টি হ্যান্ড গ্রেনেড সদৃশ বোমা, ৯টি দেশি ধারালো অস্ত্র, পাঁচটি মোবাইল ফোন, ছয়টি সিম কার্ড, একটি চার্জার সদৃশ ডিভাইস, পাঁচটি সিসি ক্যামেরা, দুটি ওয়াকিটকি সেট, আতশবাজি ও কিছু ধাতব মুদ্রা পাওয়া যায়।

উদ্ধারের পর সেনাবাহিনীর বোমা নিস্ক্রিয়করণ দল ঘটনাস্থলে যায়। তারা গ্রেনেড সদৃশ বস্তুগুলো পর্যবেক্ষণ ও পরীক্ষার পর সেগুলোকে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক বলে চিহ্নিত করে। এরপর নিরাপত্তা কার্যক্রম শেষে দলটি বিস্ফোরকগুলো নিরাপদ স্থানে গিয়ে ধ্বংস করে। এ অভিযান রাত সাড়ে ১২টার দিকে শেষ হয়।

সেনাবাহিনীর বাঘারপাড়া ক্যাম্প থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনপূর্ব অস্থিরতা সৃষ্টির জন্য দুষ্কৃতিকারীরা এসব অস্ত্র ব্যবহার করতে চাইছিল। পলাতক আসামি রায়হান ও তার সহযোগীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার তৎপরতা চলছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের অভিযান এলাকার স্বাভাবিক অবস্থা বজায় রাখতে এবং নির্বাচনপূর্ব যেকোনো নাশকতা প্রতিরোধে সহায়ক হবে। জনগণের জানমালের নিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও অভিযান চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শহিদ জয়/এআরএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

উদ্ধার অভিযান সেনাবাহিনী অস্ত্র উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর