আলফাডাঙ্গায় বিএনপির ৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৩
ছবি : বাংলাদেশের খবর
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার তিন বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রোববার (১ ফেব্রুয়ারি) জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন— আলফাডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম দাউদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম (ছোট নজরুল) এবং আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সালেহ মুছা।
চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতাদের আবেদন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের লিখিত সুপারিশের প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা রক্ষার শর্তে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। শনিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
চিঠিতে ভবিষ্যতে দলীয় শৃঙ্খলাবিরোধী কোনো কাজে যেন না জড়ান, সে নির্দেশনাও তাদের দেওয়া হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর এক প্রতিক্রিয়ায় তিন নেতা বলেন, ‘আমরা শুরু থেকেই শহীদ জিয়ার আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি অবিচল ছিলাম। সাময়িক ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দল আমাদের প্রতি আস্থা রেখেছে। এ জন্য আমরা জেলা বিএনপির নেতৃবৃন্দ ও ফরিদপুর-১ আসনের প্রিয় নেতা খন্দকার নাসিরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।’
এ সিদ্ধান্ত প্রসঙ্গে ফরিদপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘আসন্ন নির্বাচনে দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতেই আমরা এ ঐক্যের পথ বেছে নিয়েছি। তারা মাঠপর্যায়ের পরীক্ষিত কর্মী। দলের স্বার্থে সব মান-অভিমান ভুলে আমরা এখন এক সুতায় গাঁথা। তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে আলফাডাঙ্গায় বিএনপি আরও শক্তিশালী হবে। আমরা সবাই মিলে ফরিদপুর-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।’
মিয়া রাকিবুল/এআরএস

